অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের তথ্য জানার সুবিধায় নতুন একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের এ অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রসহ নির্বাচনসংক্রান্ত নানা তথ্য জানতে পারবেন।
মঙ্গলবার অ্যাপটি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এ অ্যাপটি চালু করা হয়েছে।
রুহুল আমিন মল্লিক বলেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে নিজ নিজ ভোটকেন্দ্র খুঁজে নিতে পারবেন।
অ্যাপটিতে ভোটকেন্দ্রের অবস্থানসংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ভোটাররা জিও লোকেশন, কেন্দ্রের ছবি, দূরত্ব এবং ম্যাপের মাধ্যমে সহজেই ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
এ ছাড়া অ্যাপের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা ও তাদের দাখিল করা হলফনামা দেখা যাবে। একই সঙ্গে নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে নির্বাচনি ফলাফল এবং অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যও এ অ্যাপ থেকে জানা যাবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এ অ্যাপ চালুর ফলে ভোটারদের তথ্য জানার প্রক্রিয়া আরও সহজ হবে এবং নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এটি সহায়ক ভূমিকা রাখবে।
সবার দেশ/কেএম




























