দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে একপর্যায়ে তা ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে সে আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং একটি তাবেদারমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়।
তিনি বলেন, ওই গণঅভ্যুত্থানে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার ১২ হাজার ৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতি জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এবং দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। শহীদদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন <<>> ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ভবিষ্যতে আরও কমবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি জানান, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সরকার একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করবে। পাশাপাশি পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম তদন্ত ও সংস্কারের জন্য একটি পৃথক কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং জনগণের আস্থা পুনর্গঠনে সরকার কাজ করে যাচ্ছে।
সবার দেশ/কেএম




























