Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ২ মে ২০২৬

আপডেট: ১৬:৪৩, ২ মে ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মীর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন এবং তারা গ্রাম থেকে শহর পর্যন্ত ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবেন।

শনিবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন করে নিয়োগ দেয়া স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে প্রতিটি ঘরে যাওয়া। শহরেও তারা থাকবেন, তবে আমরা বেশি গুরুত্ব দেবো গ্রামের দিকে। বিশেষ করে যারা সংসার পরিচালনা করেন, তাদের স্বাস্থ্য সচেতন করতে কাজ করবেন তারা।

তিনি জানান, স্বাস্থ্যকর্মীরা মানুষকে খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে সচেতন করবেন। কোন ধরনের খাবার ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনি জটিলতার ঝুঁকি কমায় এবং কী ধরনের জীবনধারা সুস্থ থাকতে সহায়তা করে—এসব বিষয়ে জনগণকে পরামর্শ দেবেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের মানুষকে কীভাবে সুস্থ রাখা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।

সিলেট নগরীর জলাবদ্ধতা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, খাল খননই এ সমস্যার অন্যতম কার্যকর সমাধান হতে পারে। অল্প বৃষ্টিতেই সিলেটের বিভিন্ন এলাকায় পানি জমে যায়, আর অতিবৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। একই সঙ্গে দেশের হাওরাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে নগরের পানির বড় অংশ ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হচ্ছে। ফলে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এ সংকট শুধু সিলেটেই নয়, ঢাকাসহ দেশের অন্যান্য শহরেও দেখা যাচ্ছে।

তিনি বলেন, বর্ষায় যে বিপুল পরিমাণ পানি আসে, তা সংরক্ষণ করতে পারলে কৃষি ও নাগরিক জীবনে কাজে লাগানো সম্ভব হবে। খাল খনন সে সুযোগ সৃষ্টি করবে।

নদী দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্য নদীতে জমে পানির প্রবাহ বাধাগ্রস্ত করছে। এতে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে এবং পানি দূষিত হচ্ছে।

তিনি বলেন, বুড়িগঙ্গা নদী–এর পানি এখন অত্যন্ত বিষাক্ত হয়ে গেছে। একই পরিস্থিতি দেশের অন্যান্য নদীতেও তৈরি হলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত সংকট দেখা দিতে পারে।

সব সিটি করপোরেশনকে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুল পর্যায় থেকেই শিশুদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষা দিতে হবে। তার ভাষায়, বড়রা অনেক সময় শুনলেও মানতে চায় না। কিন্তু শিশুদের ছোটবেলা থেকে শেখানো হলে তারা নিজেরাও মানবে, পরিবারকেও মানতে বাধ্য করবে।

সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের সময় তিনি বিমানে সিলেট এলেও ফেরার পথে সড়কপথে ঢাকায় গিয়েছিলেন। তখন সিলেট থেকে ঢাকায় পৌঁছাতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিলো।

তিনি বলেন, সিলেট থেকে লন্ডন যেতে যেখানে সাড়ে ৯ ঘণ্টা লাগে, সেখানে সড়কপথে সিলেট থেকে ঢাকা যেতে প্রায় ১০ ঘণ্টা লাগে—এটা বাস্তবতা হতে পারে না।

বাংলাদেশ কৃষিনির্ভর দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু সড়ক প্রশস্ত করতে থাকলে কৃষিজমি নষ্ট হবে। তাই সড়ক উন্নয়নের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে বেসরকারি একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

সকাল ১১টার দিকে নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রায় ৪ হাজার ৬৩৬ কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে নদীতীর উন্নয়ন ও বন্যা প্রতিরোধমূলক অবকাঠামো গড়ে তোলা হবে। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইরানের জন্য স্থলপথ খুলে দিলো পাকিস্তান
হাইকোর্টের নির্দেশে নুসরাত তাবাসসুমের প্রার্থীতা বৈধ ঘোষণা
মার্কিন নৌবাহিনীর জলদস্যুতা লাভজনক ব্যবসা: ট্রাম্প
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস