Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পহেলা ফাল্গুন আজ— ভালোবাসায় রাঙবে প্রাণ-প্রকৃতি

পহেলা ফাল্গুন আজ— ভালোবাসায় রাঙবে প্রাণ-প্রকৃতি
ছবি: সংগৃহীত

‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়…’— রবীন্দ্রনাথ ঠাকুর–এর গীতবিতানের এ পংক্তির মতোই আজ প্রকৃতি ভরে উঠেছে রং, সুর আর আবেশে। পহেলা ফাল্গুনে শুরু হলো বসন্তের পথচলা; সঙ্গে যোগ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসের আবহ। ফলে দিনটি পেয়েছে দ্বিগুণ উচ্ছ্বাস।

শীতের কুয়াশা সরিয়ে দখিনা বাতাসে এখন মৃদু উষ্ণতার ছোঁয়া। ঝরা পাতার বিদায়ের ভেতর দিয়ে গাছে গাছে কুঁড়ির হাসি, শিমুল-পলাশের আগুনরাঙা উপস্থিতি আর কোকিলের ডাক—সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন করে জেগে উঠেছে। এ ঋতুতেই শিল্প-সাহিত্য, গান-কবিতা আর সৃষ্টিশীলতার অনুকূল সময় খুঁজে পান অনেকে।

ঋতুচক্রে ফাল্গুন-চৈত্র—এ দুই মাস বসন্তকাল। বাংলা একাডেমির বর্ষপঞ্জি সংস্কারের পর এখন প্রতিবছরই পহেলা ফাল্গুন পড়ে ইংরেজি ১৪ ফেব্রুয়ারিতে। ফলে কয়েক বছর ধরে বসন্তের প্রথম দিনটি ভালোবাসা দিবসের রঙেও রাঙা হয়ে উঠছে। শহরজুড়ে তাই ফুলের দোকানে বাড়তি ভিড়, প্রিয়জনকে ঘিরে বিশেষ আয়োজন, আর রঙিন পোশাকে উৎসবের আমেজ।

রাজধানীজুড়ে আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বসন্ত। তরুণ-তরুণীরা হলুদ, কমলা, বাসন্তী রঙের পোশাকে সেজে বের হচ্ছেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে। রোদঝলমল দিনে মৃদু বাতাস গায়ে মেখে শহরজুড়ে বইছে উৎসবের স্রোত।

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বসন্ত উৎসব

প্রতিবছরের মতো এবারও ১ ফাল্গুন উপলক্ষে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করেছে ‘বসন্ত উৎসব-১৪৩২’। তবে এবার স্থান বদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার বদলে উৎসব হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর–এর উন্মুক্ত প্রাঙ্গণে।

সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনভর থাকছে নৃত্য ও সংগীত পরিবেশনা, একক গান, আবৃত্তি, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণ। পাশাপাশি বসন্ত কথন, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়ের আয়োজনও রয়েছে।

বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। বক্তব্য দেবেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। অংশ নিচ্ছে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগীত ও নৃত্যদল। একক সংগীতে থাকছেন ফাহিম হোসেন চৌধুরী, সুচি দেবনাথ, অনিমা রায়সহ অনেকে। আবৃত্তি পরিবেশন করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যয়, বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি।

বসন্ত মানেই নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস আর ভালোবাসার স্বীকৃতি। পহেলা ফাল্গুনে সে রঙেই আজ রাঙা বাংলাদেশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইউনূসের ভিভিআইপি সুবিধা কমলো ৬ মাস
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, কুমিল্লা-ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব
যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: ৬ শিক্ষককে অব্যাহতি
জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
টাঙ্গাইলের নারীকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি
আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন
আগামী সপ্তাহেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর
আগাম জামিন পেলেন এমপি আমির হামজা
যশোরে ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন—কোদাল হাতে প্রধানমন্ত্রী
আমি কাউকে ধর্ষণ করিনি: ট্রাম্প
পারমাণবিক কর্মসূচিতে অনড় ইরান—যুক্তরাষ্ট্রে দুশ্চিন্তা
এক ঝড়ে নিভে গেলো তিন প্রাণ—জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
হাইকোর্টে আমির হামজা—আগাম জামিন চেয়ে সরাসরি হাজির
২০০৯–এর পর জন্মালেই আর কখনও সিগারেট নয়
রাউজানে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, যুবদলকর্মী গুলিবিদ্ধ
প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ছেন না প্রাথমিকের শিক্ষক প্রার্থীরা
অন্ধকারে ভবিষ্যৎ—রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা
গুলির শব্দে শুনে ট্রাম্পকে ফেলেই আত্মরক্ষার পথে মেলানিয়া
৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রফতানি