অজ্ঞাত আসামি শতাধিক
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানা-য় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।
মামলায় ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ জেলা ছাত্রদলের শীর্ষ আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ মোট আটজন।
মামলার বিবরণে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে নাসীরুদ্দিন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীরা পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে নাসীরুদ্দিন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলার সুযোগে আসামিরা একটি সনি আলফা এ৬৪০০ ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থল ত্যাগের সময় হামলাকারীরা এনসিপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিও দেয়।
ঘটনার বিষয়ে আসাদউজ্জামান জানিয়েছেন, এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর সেটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
সবার দেশ/কেএম




























