শিল্প কোনও পাপ নয়: প্রভা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয়, অশিক্ষা এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সরব হয়েছেন এ অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে প্রভা শিল্পকে কেবল পেশা হিসেবে না দেখে এর সঙ্গে জড়িয়ে থাকা সামাজিক মর্যাদা ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে সংস্কৃতি অঙ্গনে যুক্ত হওয়ার আগে শিক্ষা, মূল্যবোধ ও নিজের পরিচয়ের প্রতি সম্মান থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

নিজের বক্তব্যে প্রভা লেখেন, একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সে পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।
অভিনেত্রীর এ বক্তব্যের মধ্য দিয়ে শিল্পী হিসেবে পাওয়া পরিচয়কে ছোট করে দেখার প্রবণতার সমালোচনা ফুটে উঠেছে। তার মতে, একজন মানুষের কোনও পরিচয় যদি তাকে দীর্ঘদিন ধরে সম্মান ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সে পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার আগে নিজের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ নিয়ে ভাবা উচিত।

সংস্কৃতি অঙ্গনে কারা আসছেন, তাদের প্রস্তুতি ও মানসিকতা কেমন—এ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রভা। তিনি মনে করেন, শুধু আগ্রহ থাকলেই সংস্কৃতিচর্চায় যুক্ত হওয়া যথেষ্ট নয়; এর সঙ্গে প্রয়োজন শিক্ষা, সাংস্কৃতিক জ্ঞান এবং যথাযথ মূল্যবোধ।
প্রভা লিখেছেন, আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।
শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, একজন শিল্পীর মধ্যে সাংস্কৃতিক বোধ ও নিজের পরিচয়ের প্রতি সম্মান থাকা জরুরি বলেও মনে করেন তিনি।

তার ভাষায়, আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।
প্রভার এ বক্তব্যের সবচেয়ে জোরালো অংশটি এসেছে শিল্পের মর্যাদা প্রসঙ্গে। শিল্পকে পাপ বা লজ্জার বিষয় হিসেবে দেখার মানসিকতার বিরোধিতা করে তিনি শিল্পীর সামাজিক অবস্থান ও সম্মানের কথা তুলে ধরেছেন।
অভিনেত্রী বলেন, কারণ শিল্প কোনও পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনওভাবেই সভ্যতার শিক্ষা নয়।

প্রভার এ দীর্ঘ বক্তব্য প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে তার অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে। যদিও স্ট্যাটাসে কোনও নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি তিনি, তবে তার বক্তব্যের প্রতিটি অংশেই শিল্পী পরিচয়, সাংস্কৃতিক মূল্যবোধ এবং শিল্পীদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এর আগে বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন, অভিনয়জীবন ও সামাজিক নানা বিষয় নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাদিয়া জাহান প্রভা। এবারও সরাসরি কোনো বিতর্কে না গিয়ে শিল্প ও শিল্পীর মর্যাদা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন তিনি।
সবার দেশ/কেএম




























