Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ২৮ জুলাই ২০২৬

লক্ষ্য ডেঙ্গুসহ রোগ ছড়ানো নিয়ন্ত্রণ

ওয়াশিংটনে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ওয়াশিংটনে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা
ছবি: সংগৃহীত

ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো মশাবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলতি গ্রীষ্মে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। স্ত্রী মশার বংশবিস্তার রোধে জৈবিক পদ্ধতিতে নেয়া এ উদ্যোগ বাস্তবায়ন করছে মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবমুক্ত করা পুরুষ মশাগুলো ‘ওলবাকিয়া’ (Wolbachia) নামের একটি বিশেষ ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এ ব্যাকটেরিয়া স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর ডিমকে কার্যত নিষ্ফল করে দেয়। ফলে ডিম থেকে নতুন কোনও মশার জন্ম হয় না এবং ধীরে ধীরে সংশ্লিষ্ট এলাকায় মশার সংখ্যা কমে আসে।

বিশেষজ্ঞদের মতে, পুরুষ মশা মানুষকে কামড়ায় না। তাই এসব মশা অবমুক্ত করার ফলে সাধারণ মানুষের জন্য কোনও অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকি বা উপদ্রব তৈরি হওয়ার আশঙ্কা নেই।

‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’-এর স্বত্বাধিকারী টড মন্টগোমারি স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে বলেন, ওলবাকিয়া-আক্রান্ত পুরুষ মশা যখন স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়, তখন সে স্ত্রী মশার ডিম আর কার্যকর থাকে না। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে মশার বংশবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তিনি আরও জানান, মশা নিয়ন্ত্রণে এ জৈবিক প্রযুক্তি নতুন নয়। এর আগে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় একই ধরনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। সেসব স্থানে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে মশার সংখ্যা নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। এ কারণে প্রচলিত কীটনাশকের পাশাপাশি জৈবিক ও টেকসই পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের উদ্যোগে গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশ।

সূত্র: ইন্ডিপেনডেন্ট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: