বিলুপ্ত হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেয়ার মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বিদ্যমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় এক বছরের বেশি সময় ধরে প্রশাসনিক দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হলো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের শাসনব্যবস্থায় একটি অধ্যায়ের সমাপ্তি এবং নির্বাচিত সরকারের নতুন অধ্যায়ের সূচনা হলো।
সবার দেশ/কেএম




























