আসলাম চৌধুরীকে প্রসঙ্গে সংসদে জামায়াত এমপির প্রশ্ন
‘এখন কি ওনাকে ঋণখেলাপি বলতে পারবো মাননীয় স্পিকার?’
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন ঋণখেলাপির দায়ে উচ্চ আদালত বাতিল করার পর বিষয়টি নিয়ে জাতীয় সংসদে নতুন করে আলোচনা হয়েছে। এ ঘটনায় সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতের সংসদ সদস্য মো. নাজিবুর রহমান। তিনি জানতে চান, আদালতের রায়ের পর এখন আসলাম চৌধুরীকে ঋণখেলাপি বলা যাবে কি না।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।
মো. নাজিবুর রহমান বলেন, কয়েক দিন আগে সংসদে একজন সদস্য জানতে চেয়েছিলেন, সংসদে কোনও ঋণখেলাপি সদস্য আছেন কি না। তখন স্পিকার বিষয়টি বিচারাধীন উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত ছিলেন।
সে প্রসঙ্গ টেনে তিনি বলেন,
আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারবো, উনি ঋণখেলাপি ছিলেন?
তিনি ইঙ্গিত করেন, উচ্চ আদালতের রায়ের পর বিষয়টি নিয়ে সংসদের অবস্থান কী হবে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
জবাবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়। তিনি জানান, কোনও ব্যক্তির সংসদ সদস্যপদ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।
স্পিকার বলেন,
আদালতের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক আদেশ জারি করলে বিষয়টি সম্পর্কে আমি সংসদকে জানাতে পারবো। তাই নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এরপরই এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব হবে।
এরপর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা আগেও বলেছিলাম, এ সংসদে কোনও ঋণখেলাপি সদস্য নেই। ঋণগ্রস্ত থাকতে পারেন, কিন্তু ঋণখেলাপি সদস্য নেই।
তিনি আরও বলেন, যার প্রসঙ্গ তোলা হয়েছে, তার বিষয়ে আদালত রায় দিয়েছেন। কিন্তু তিনি তো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে এখানে আসেননি। তিনি সংসদ সদস্য নন। তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছিলো এবং উচ্চ আদালত সে বিষয়ে রায় দিয়েছেন। বিষয়টি সেখানেই শেষ। তিনি সংসদ সদস্য হলে তখন এ ধরনের আলোচনা প্রাসঙ্গিক হতে পারতো। এটি কোনও পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন,
পয়েন্ট অব অর্ডারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমাকে দিতে হবে। তবে তিনি (আসলাম চৌধুরী) সংসদ সদস্য নন—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা সঠিক।
সবার দেশ/কেএম




























