Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সংস্কার পরিষদে শপথ না নেয়া জুলাইকে অপমান: জামায়াত আমির

সংস্কার পরিষদে শপথ না নেয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয়ায় ক্ষমতাসীন বিএনপির কঠোর সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলন না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হতো না। সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করা ‘জুলাইয়ের অপমানের শামিল’।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সকাল থেকে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে ঢাকা মহানগর জামায়াতের নেতাকর্মীরা।

ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত এমপি শফিকুর রহমান বলেন, জুলাইয়ের কারণেই নির্বাচন হয়েছে। তাই জুলাইকে সম্মান জানানো সবার দায়িত্ব। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা বর্তমান সংসদের পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

গত মঙ্গলবার বিএনপি জোটের এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি। তবে জামায়াত-এনসিপি জোটের এমপিসহ মোট ৭৮ জন সদস্য সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সরকারি দল যদি সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেয়, বিরোধী দল হিসেবে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে। আর উদ্যোগ না নিলে জনগণের পক্ষ থেকে কথা বলবে এবং সংস্কারের প্রশ্নে ছাড় দেবে না। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চায় তার দল।

নগরীর পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এটি শুধু প্রতীকী আয়োজন নয়, বরং মানবিক সংশোধনের একটি প্রচেষ্টা। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার মধ্য দিয়েই একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, প্রতিদিন ফজরের নামাজের পর দলের প্রত্যেক সাংগঠনিক ইউনিট অন্তত আধা ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রমে সময় দেবে। সম্ভব হলে এক ঘণ্টা পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে।

কর্মসূচিতে মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করে নিজ হাতে সড়ক ঝাড়ু দেন শফিকুর রহমান।

এদিকে লক্ষ্মীপুর সদরে দুর্বৃত্তদের আগুনে জামায়াত কর্মী আব্বাস উদ্দিন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, একজন নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার মতো নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা