ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস এসব মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যা ‘আমেরিকার জনগণ চায় না’ এবং এতে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হয়েছে।
হ্যারিস ট্রাম্প প্রশাসনকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ’ বলে আখ্যা দেন। তার ভাষায়, ট্রাম্প নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চান, যেন তিনি ইচ্ছামতো যেকোনও দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে পারেন।
তিনি আরও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক জোট ও অংশীদারিত্ব রক্ষার দায়িত্ব থেকে সরে এসেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক নিয়মনীতি—বিশেষ করে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো বিষয়গুলো ট্রাম্প প্রশাসন শুধু উপেক্ষাই করেনি, বরং প্রকাশ্যেই তুচ্ছ করেছে।
অন্যদিকে, এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন নেতানিয়াহু। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসলেই কি কেউ মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ কী করতে হবে তা বলে দিতে পারে?—এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ট্রাম্পের নিজস্ব।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে এমন বক্তব্য আরও তীব্র বিতর্ক তৈরি করতে পারে, বিশেষ করে পররাষ্ট্রনীতি ও সামরিক সিদ্ধান্ত নিয়ে।
সবার দেশ/কেএম




























