Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক-নিউ জার্সিতে ঝড়ের তাণ্ডব, জরুরি অবস্থা

নরইস্টারে বিপর্যস্ত উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্র, লাখো মানুষ বিদ্যুৎহীন; বাতিল ১২০০ ফ্লাইট।

নিউইয়র্ক-নিউ জার্সিতে ঝড়ের তাণ্ডব, জরুরি অবস্থা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কয়েকটি উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেয়া হয়েছে।

ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে।

ঝড়ের তাণ্ডবে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পাওয়ারআউটেজ।

প্রবল বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে বিদ্যুৎ বিচ্ছিন্নতার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নরইস্টারের সরাসরি প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইটআওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানযাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, উপকূলীয় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। শনিবার নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়ে।

সমুদ্রতীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে এনডব্লিউএস। এসব এলাকায় পানি ঢুকে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্কে পুরো সপ্তাহান্তে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিও বার্তায় নগরবাসীকে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো বা হেঁটে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।

নরইস্টারের কারণে শুধু জনজীবন নয়, বিনোদন ও ক্রীড়া আয়োজনও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

বোস্টনের বেসবল দল রেড সক্সের শিকাগো কাবসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। ম্যাচটি রোববার ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে।

পেশাদার ফুটবলের দল নিউইয়র্ক রেড বুলস ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার ম্যাচও বাতিল করা হয়েছে।

নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে আয়োজিত ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। সেখানে লরিন হিল, ওয়াইক্লেফ জ্যাঁ ও জন লিজেন্ডের পরিবেশনার কথা ছিল।

ঝড়ের প্রভাব পড়েছে সংগীত আয়োজনেও। বোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ।

প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস ও সম্ভাব্য বন্যার কারণে বড় ধরনের জনসমাগমের অনুষ্ঠান আয়োজনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল এক বিবৃতিতে ঝড়কে গুরুত্বের সঙ্গে নিয়ে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, ঝড়ের প্রভাবে বৃষ্টি ও বাতাসের পাশাপাশি উপকূলীয় বন্যার ঝুঁকি থাকায় পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

দখল, হামলা, লুটপাটে উত্তপ্ত রাজধানী: আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে প্রশ্ন
ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ.লীগ সংশ্লিষ্টতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে ফের গণভোটের উদ্যোগ
এক রুটি, এক কাপ চা—মেয়ের পিতৃবৎসলে কাঁদলো নেটদুনিয়া
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেয়ার আগেই ডেঙ্গুতে ডেঙ্গুতে মৃত্যু আঁচলের
নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
ফের উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংক উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কার—প্রশ্ন নাহিদ ইসলামের
হাসিনার জন্মদিনের কেক-মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ
নিউইয়র্ক-নিউ জার্সিতে ঝড়ের তাণ্ডব, জরুরি অবস্থা
তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন থামাতে পারবে না: সালমান মুক্তাদির
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের