ভিভিআইপি প্রটোকল কমিয়ে নজির
অভিনন্দনের বিলবোর্ড সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেয়া বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশ পাওয়ার পরপরই ব্যানারটি অপসারণ করা হয়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শন করছিলো। এসব বিলবোর্ড দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি ও অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখেও তা অপসারণের নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন। সকাল ৯টা ১৫ মিনিটে তিনি অফিসে পৌঁছান। এদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
বৈঠকে উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, রাজধানীর যানজট পরিস্থিতি ও সড়কে যানবাহনের গতি নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করায় সড়কে যানবাহনের গতি কিছুটা বেড়েছে।
তিনি বলেন, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিলো প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা প্রায় হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, ভিভিআইপি প্রটোকলজনিত বাধা কম থাকায় গড় গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় উন্নীত হয়েছে। রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করায় এর ইতিবাচক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এদিকে মোটা চালের দাম বাড়ার খবর দৃষ্টিগোচর হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রান্তিক মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত মোটা চালের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিতে বলা হয় এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে বাজারে দেখা যাচ্ছে।
সবার দেশ/কেএম




























