Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ২২ জানুয়ারি ২০২৬

আল-জাজিরার প্রতিবেদন

বাংলাদেশের নির্বাচনী রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের নির্বাচনী রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র সোশ্যাল মিডিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এবার মাঠের পাশাপাশি সমানতালে উত্তপ্ত হয়ে উঠেছে ভার্চুয়াল দুনিয়া। টিকটক, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম এখন আর কেবল বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং ভোটের রাজনীতির প্রধান ময়দান। আল-জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ডিজিটাল কনটেন্ট এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনীতির গতিপথ পাল্টে দিচ্ছে।

দ্রুত ছন্দ ও লোকজ সুরে গড়া একটি গান—শুনলে প্রথমে গ্রামবাংলার জীবন নিয়ে রচিত বলেই মনে হয়। কিন্তু গানের কথায় বলা হচ্ছে, ‘নৌকা, ধানের শীষ আর লাঙলের দিন শেষ; দাঁড়িপাল্লাই গড়বে বাংলাদেশ।’ এ গানটি বাস্তবে জামায়াতে ইসলামীকে সমর্থনকারী একটি রাজনৈতিক সংগীত, যা গত নভেম্বরের শুরুতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে ব্যাপকভাবে ভাইরাল হয়।

গানটিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীককে ঘিরে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেয়া হয়েছে। নৌকা হলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের প্রতীক, ধানের শীষ বিএনপির এবং লাঙল জাতীয় পার্টির প্রতীক—যে দলটি একসময় আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র ছিলো। জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে সামনে এনে গানটি সরাসরি ভোটারদের উদ্দেশে বার্তা দেয়।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন মূলত বিএনপি ও জামায়াত-নেতৃত্বাধীন জোটের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। মাঠপর্যায়ের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। তবে বাস্তবে নির্বাচনী লড়াই অনেক আগেই শুরু হয়ে গেছে—অনলাইনে। বিশেষ করে তরুণ ও জেন জি ভোটারদের লক্ষ্য করেই চলছে এ ডিজিটাল প্রচারণা।

এ প্রজন্মই ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। বিশ্লেষকদের মতে, এবার সরকার গঠনের ক্ষেত্রেও তারাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় নির্ধারক শক্তি।

জামায়াতপন্থী গানটির জনপ্রিয়তার পর অন্য রাজনৈতিক দলগুলোও অনলাইন প্রচারণামূলক গান প্রকাশে ঝুঁকে পড়ে। এখন আর শুধু বিশাল জনসভা বা পোস্টার-ব্যানার নয়, সোশ্যাল মিডিয়াই হয়ে উঠেছে লাখো ভোটারের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর হাতিয়ার।

লন্ডনপ্রবাসী চলচ্চিত্র নির্মাতা ও সংগীতশিল্পী এইচএএল বান্না, যিনি আলোচিত জামায়াতপন্থী গানটি লিখেছেন ও গেয়েছেন, আল-জাজিরাকে বলেন, গানটি শুরুতে ঢাকার একজন প্রার্থীর জন্য তৈরি করা হয়েছিলো। কিন্তু মানুষ যখন এটি ব্যাপকভাবে শেয়ার করতে শুরু করে, তখন অন্য প্রার্থীরাও বুঝতে পারেন—এ গান সাধারণ ভোটারদের সঙ্গে এক ধরনের আবেগী সংযোগ তৈরি করছে।

বিএনপিও তাদের নিজস্ব প্রচারণামূলক গান প্রকাশ করেছে। সেখানে দলটি নিজেদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছে। গানের কথায় বলা হয়, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।’

এদিকে ২০২৪ সালের আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দ্বারা গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)ও একটি প্রচারণামূলক গান প্রকাশ করেছে, যা অল্প সময়ের মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে ডিজিটাল প্রচারণা শুধু গানেই সীমাবদ্ধ নয়। নাটকীয় ছোট ভিডিও, আবেগী ভোটার সাক্ষাৎকার, নীতিগত ব্যাখ্যা, ব্যঙ্গাত্মক কনটেন্ট ও রাজনৈতিক মিমে ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

এবারের অনলাইন লড়াই শুধু সংসদ নির্বাচনেই সীমাবদ্ধ থাকছে না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা একই সঙ্গে জুলাই জাতীয় সনদের অনুমোদনের জন্য একটি গণভোটেও অংশ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান, নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় কাঠামোয় আনা সংস্কারগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এ গণভোট আয়োজন করা হচ্ছে।

ডিজিটাল প্রচারণা কেনো এত গুরুত্বপূর্ণ—তার ব্যাখ্যাও দিয়েছে আল-জাজিরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি, যা মোট জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ। ডেটা রিপোর্টালের তথ্যমতে, দেশে প্রায় ৬৪ মিলিয়ন ফেসবুক, ৫০ মিলিয়ন ইউটিউব, ৯.১৫ মিলিয়ন ইনস্টাগ্রাম এবং ৫৬ মিলিয়নের বেশি টিকটক ব্যবহারকারী রয়েছে (১৮ বছরের ঊর্ধ্বে)।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, মোট ভোটারের ৪৩.৫৬ শতাংশের বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। এদের অনেকেই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন অথবা আগের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ২০১৩, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ঘিরে অনিয়ম, বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও বর্জনের অভিযোগ তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি করেছিলো, সেটিই এবার রাজনৈতিক অংশগ্রহণের দৃঢ়তায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচন কার্যত দ্বিমুখী প্রতিযোগিতায় পরিণত হয়েছে। একদিকে বিএনপি-নেতৃত্বাধীন জোট, অন্যদিকে জামায়াত-নেতৃত্বাধীন জোট, যেখানে এনসিপিও রয়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন আল-জাজিরাকে জানান, বিএনপি অনলাইনে নীতিগত প্রস্তাব তুলে ধরার পাশাপাশি ভোটারদের মতামত নিচ্ছে। এ জন্য তারা MatchMyPolicy.com নামে একটি ওয়েবসাইট চালু করেছে।

অন্যদিকে জামায়াতও janatarishtehar.org নামে একটি ওয়েবসাইট চালু করেছে। দলটির নেতা জুবায়ের আহমেদ বলেন, ভোটারদের মতামতের ভিত্তিতেই ইশতেহার চূড়ান্ত করা হবে এবং তাদের প্রতিযোগিতা হবে মূলত বুদ্ধিবৃত্তিক।

কে এগিয়ে—এ প্রশ্নের উত্তর দিতে বিশ্লেষকেরা আপাতত সতর্ক। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবারশার হাসান বলেন, বিএনপি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ও গ্রাফিক্সে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে, যেমন ‘ফ্যামিলি কার্ড’ বা ‘ফার্মার কার্ড’। অন্যদিকে জামায়াতপন্থী কনটেন্টে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে সমালোচনামূলক প্রচার বেশি দেখা যাচ্ছে।

ফ্যাক্টচেক সংস্থা দ্য ডিসেন্টের সম্পাদক কাদরুদ্দিন শিশির জানান, জামায়াতঘেঁষা অনলাইন প্রচারণায় ভারতবিরোধী বার্তাও বিশেষ গুরুত্ব পাচ্ছে, যা তরুণদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, মাঠের রাজনীতি এখনও গুরুত্বপূর্ণ হলেও অনলাইন প্রচারণাই এখন আলোচনার এজেন্ডা নির্ধারণ করছে। আর সে এজেন্ডা যাদের নিয়ন্ত্রণে থাকবে, তরুণ ভোটারদের এ বাংলাদেশে শেষ পর্যন্ত জয়ের ব্যবধানও তারাই গড়ে দিতে পারে।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে