Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ১৭ জুন ২০২৬

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মঞ্চে দীর্ঘদিনের এক আক্ষেপ অবশেষে ঘুচল লিওনেল মেসির। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য রেকর্ডের মালিক এ আর্জেন্টাইন মহাতারকা ক্যারিয়ারে ৬১তম হ্যাটট্রিক পূর্ণ করলেও বিশ্বকাপে এতদিন পর্যন্ত একটি হ্যাটট্রিকও ছিলো না তার নামের পাশে। অবশেষে ষষ্ঠ বিশ্বকাপে এসে সে অপূর্ণতা মুছে দিলেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক প্রদর্শনীতে তিনটি গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন মেসি। তার হ্যাটট্রিকেই শিরোপা ধরে রাখার মিশন শুরু করল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার অধিনায়ক।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিলো নাটকীয়তায় ভরপুর। ম্যাচের প্রথম ১০ মিনিটেই দুই দলই জালের দেখা পেলেও অফসাইডের কারণে কোনও গোলই গণ্য হয়নি। ষষ্ঠ মিনিটে মেসি বল জালে পাঠালেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে গোল বাতিল হয়। দুই মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড ফারেস চাইবির গোলও একই কারণে বাতিল হয়ে যায়।

তবে ১৭ মিনিটে আর কোনো বাধা দাঁড়াতে পারেনি মেসির সামনে। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার তীব্র শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান স্পর্শ করলেও ঠেকাতে পারেননি। দারুণ সে গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিলো আলজেরিয়া। ফারেস চাইবির বিপজ্জনক শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় লিওনেল স্কালোনির দল। ৫৪ মিনিটে লাওতারো মার্তিনেজের সামনে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন মেসি, কিন্তু লুকা জিদান দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন।

তবে ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি আর ঠেকাতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট প্রতিহত করতে গিয়ে বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন তিনি। সুযোগ বুঝে সামনে থাকা মেসি বাঁ পায়ের হালকা টোকায় বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

এরপর ৬৬ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন মেসি। কিন্তু এবার লুকা জিদান কর্নারের বিনিময়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। তবে সে প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি।

ম্যাচের ৭৬ মিনিটে ডি-বক্সের কাছাকাছি থেকে নেয়া দুর্দান্ত এক শটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। তার তৃতীয় গোলেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার বড় জয়।

ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়া ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান তিনি। এর আগে এ অর্জন ছিলো ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার নজিরও স্থাপন করেন মেসি।

এদিনের তিন গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন তিনি।

রেকর্ড, ইতিহাস আর হ্যাটট্রিক—সব মিলিয়ে দিনটি হয়ে থাকল লিওনেল মেসির। আর তার জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযানে দারুণ সূচনা করল আর্জেন্টিনা।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
হারলেও বিদায় নয়! ব্রাজিলের সামনে যত নকআউট সমীকরণ
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী