আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে—এমন আলোচনা শুধু ভারতের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। বাংলাদেশে দলটির ফিরে আসার কোনও সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার বাতাস শুধু দুই জায়গায় দেখা যায়। একটা সোশ্যাল মিডিয়া, আরেকটা হলো ভারত। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনও বা আসার সুযোগ নেই।
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে সারজিস বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ফিরে আসতে পারবেন না।
দেশের চলমান জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এ নেতা। তিনি বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সারজিস আলম বলেন, এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই। এ দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এড়াতে পারেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না, তাহলে তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ব্যর্থতার পরও কাউকে দায়িত্বে রেখে দেয়া হলে সে ব্যর্থতার দায় প্রধানমন্ত্রীও এড়াতে পারেন না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সারজিস। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নিজের মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও নজর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর ‘প্রক্সি’ হিসেবে কাজ করছেন। তবে এ কারণে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তিনি যথেষ্ট নজর দিতে পারছেন না।
সারজিস আলম বলেন, আমরা তাকে আহ্বান করবো, তিনি যেনো তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।
সবার দেশ/কেএম




























