কোলে শিশুর নিথর দেহ, হৃদয়বিদারক দৃশ্য ভাইরাল
রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে কোলে শিশুর নিথর দেহ নিয়ে হাঁটছেন এক যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তীব্র আলোড়ন তৈরি করেছে।
জানা গেছে, শিশুটির নাম সাদমান, বয়স আনুমানিক তিন থেকে চার বছর। হাম-এ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভাইরাল হওয়া ছবিগুলোর ক্যাপশন থেকে জানা যায়, কামরাঙ্গীরচর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর একটি হাসপাতালে চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে আসছিলো তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ছবিতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর লাশ কোলে নিয়ে ফিরছেন। পাশাপাশি হাসপাতালের সামনে কয়েকজন নারীকে শোকাহত অবস্থায় কাঁদতেও দেখা গেছে, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে।
তবে ভাইরাল হওয়া এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা শিশুটির পরিবারের সঙ্গে এখনও সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে ঘটনার বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে আরও দুইজন মারা গেছেন।
একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে। এদের মধ্যে ৩ হাজার ৮০৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ১০৬ জন। প্রাদুর্ভাব শুরুর পর নিশ্চিত হামে ৩৮ জন এবং সন্দেহভাজন হামে ১৮৫ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।
সবার দেশ/কেএম




























