হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
গোপালগঞ্জ শহরে রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে তাদের মহড়া দিতে দেখা যায়। একই সন্ধ্যায় গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী, নবজাতক ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যা সোয়া সাতটার পর গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগানও দেন তারা। তবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও টহল চোখে পড়েনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় জড়ো হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেয়া হয়। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার পর শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হাসপাতালটির মালিক গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবর। এ হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর তার কার্যালয় হিসেবে ব্যবহার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালান। চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে আগুন নেভানো হলেও এর ধোঁয়ায় হাসপাতালের পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।
হামলার সময় হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ভর্তি থাকা শিশু ও নবজাতকদের নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান স্বজনেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেকেই রোগীদের নিরাপত্তার কথা ভেবে চিকিৎসা অসমাপ্ত রেখেই হাসপাতাল ছাড়তে বাধ্য হন।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। পরে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন তিনি। ওই নারী জানান, গত রোববার তার মেয়ের সন্তান হয়েছে। হাসপাতালের ভেতরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।
হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন সংসদ সদস্য কে এম বাবর। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।
রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে সংসদ সদস্য কে এম বাবর বলেন, হাসপাতালে অনেক রোগী ছিলেন। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
তিনি বলেন,
যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিলো। আজকেও সিজার হয়েছে। সে অবস্থায় এ হাসপাতালে আক্রমণ করেছে। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে দিয়েছে।
বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগ
এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সকাল থেকেই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া
এর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সড়ক অবরোধের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেয়া না হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়।
একই দিনে শহরের বিভিন্ন স্থানে অস্ত্র নিয়ে মহড়া, হাসপাতাল ও রাজনৈতিক কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জজুড়ে উত্তেজনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























