ইউনূসের হাতে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’: ছাত্রদল নেতার বই উপহার
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান আবিদুল ইসলাম খান।
সাক্ষাৎকালে তিনি তার লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ শীর্ষক বইটি ড. ইউনূসের হাতে তুলে দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান ড. ইউনূস।
ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান ‘জুলাইয়ের চেতনা’কে অপশাসন, স্বৈরশাসন ও মতপ্রকাশ দমনের বিরুদ্ধে দীর্ঘ আপসহীন সংগ্রাম হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, জুলাই তার কাছে সম্মানের—এটি কোনওভাবেই বিক্রয়যোগ্য নয়।
তিনি আরও বলেন, রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতা থেকে লেখা এ বই তার নিজের চোখে দেখা এক উত্তাল সময়ের দলিল, যা তিনি ড. ইউনূসের কাছে তুলে দিতে পেরে গর্বিত।
আবিদুল ইসলাম খান তার পোস্টে উল্লেখ করেন, ভিন্নমত থাকলেও জুলাই দেশের মানুষের ঐক্যের প্রতীক। তিনি বলেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এ চেতনা ধরে রাখার প্রত্যয় নিয়েই তারা কাজ করে যাবেন।
সবার দেশ/কেএম




























