বন্যার কারণে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
সবার দেশ/কেএম




























