ভোক্তা ও শিল্পখাতে বাড়তি চাপের আশঙ্কা
দাম বাড়লো বিদ্যুতের
বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমানোর যুক্তিতে খুচরা ও পাইকারি—উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ সিদ্ধান্তে শিল্প, কৃষি থেকে শুরু করে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্যহার ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি জুন মাসের বিল থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন হার অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ৫২ পয়সা এবং পাইকারি পর্যায়ে ১ টাকা ৩৯ পয়সা বাড়ানো হয়েছে। এতে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ টাকা ৬৩ পয়সা, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
একই সঙ্গে বিদ্যুতের সঞ্চালন বা ট্রান্সমিশন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। হুইলিং চার্জও ৩১ দশমিক ৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৮ দশমিক ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির হিসাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। খুচরা পর্যায়ে বিভিন্ন স্তরের গ্রাহকের ওপর আলাদা হারে এ মূল্যবৃদ্ধি কার্যকর হবে। বিশেষ করে ০ থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের ওপর তুলনামূলক বেশি চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবিত হার পর্যালোচনা করেই এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন সংস্থা ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিলো।
বিইআরসি জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন, আমদানি ও ক্রয় ব্যয় বৃদ্ধি, পাশাপাশি সঞ্চালন ও বিতরণ খরচ বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। তবে সংস্থাটির হিসাবে, দাম বাড়ানোর পরও বছরে প্রায় ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি সরকারের বহন করতে হবে।
অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এ মূল্যবৃদ্ধির প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না, বরং উৎপাদন খরচ বাড়িয়ে শিল্প, কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং জীবনযাত্রার ব্যয়ে চাপ সৃষ্টি করবে।
বিশেষ করে বিদ্যুৎনির্ভর শিল্প খাত—যেমন খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি সেচ ও ক্ষুদ্র উৎপাদন—খরচ বৃদ্ধির কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ভোক্তা অধিকার সংগঠনগুলোর মতে, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে।
সবার দেশ/কেএম




























