হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের আরোপ করা নিয়ন্ত্রণ মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনও পথ নেই বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া।
তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে ইরান যে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে, তা অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্র এ ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করলেও তাতে কোনও ফল হবে না বলে দাবি করেন তিনি।
ইরানি এ সেনা কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কোনও ধরনের পদক্ষেপ নেয়ার চেষ্টা করলে চলমান ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
হুমকির সুরে আমির আকরামিনিয়া বলেন, বর্তমান পরিস্থিতি মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় নেই; অন্যথায় অতীতে তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছিলো, এবার মূল্য চুকাতে হবে তার চেয়েও অনেক বেশি।
হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের এমন কঠোর অবস্থানের মধ্যেই জলপথটির নিয়ন্ত্রণ ও চলাচল স্বাভাবিক করার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান। তবে শুধু ওই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে না বলে জানিয়েছে ইরান।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এ জলপথে চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
প্রণালির এক পাশে ইরান এবং অপর পাশে ওমান। দুই দেশের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তার ধারণা, চুক্তিটি স্বাক্ষরিত হলে হরমুজ দিয়ে স্বাভাবিক তেল পরিবহন আবার শুরু করার পথ তৈরি হতে পারে।
তবে শনিবার তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ওমানের সঙ্গে সম্ভাব্য চুক্তি হলেও সেটিই হরমুজ প্রণালিকে পুরোপুরি উন্মুক্ত করার জন্য যথেষ্ট নয়। ফলে প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি।
এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনী আবুধাবির আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। এ অভিযোগের ফলে গুরুত্বপূর্ণ এ জলপথকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি দীর্ঘস্থায়ীভাবে অস্থিতিশীল হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং সমুদ্রপথে বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
সবার দেশ/কেএম




























