ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
ইসরায়েলের ক্ষমতার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের পর ক্ষমতা হারানোর মুখে পড়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা গাদি আইজেনকট সরকার গঠন করতে পারলে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য হারাতে পারেন নেতানিয়াহু। শুধু রাজনৈতিক ক্ষমতাই নয়, প্রধানমন্ত্রীর পদ হারালে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হয়ে কারাগারেও যেতে হতে পারে তাকে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। বিরোধী শিবিরের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হওয়ায় ইসরায়েলের রাজনীতিতে অনিশ্চয়তা ও উত্তেজনা আরও বেড়েছে।
বিরোধী নেতা গাদি আইজেনকটের সরকার গঠনের জন্য ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতিতে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু বলে অভিযোগ উঠেছে। কোনও প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি।
এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। খবর প্রকাশিত হয়েছে, বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল সংস্থাটি। এমনকি নির্বাচনের দিন আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেফতারের অনুরোধও জানানো হয়েছিলো। তবে অ্যাটর্নি জেনারেল সে অনুরোধ নাকচ করে দেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং আরব জোট ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান ইউসেফ জাবারিন এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সাজানো হয়েছিলো কি না, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হতে পারে তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলাগুলো। ২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচার চলছে তার বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে বিচার শুরু হলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বিভিন্ন সময়ে তা পিছিয়েছে।
প্রধানমন্ত্রীর পদ হারালে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার। ফলে ক্ষমতা হারানো নেতানিয়াহুর জন্য শুধু রাজনৈতিক পরাজয় নয়, ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
এর পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহু ও তার সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জোরালো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।
নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও বাড়ছে। ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হয়ে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার হুঁশিয়ারি দেন। এ সময় তাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এদিকে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের একটি চিঠি প্রকাশ্যে আসার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওই চিঠিতে ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়ার আইন’ নামে পরিচিত ধর্মীয় বিধানের উল্লেখ রয়েছে। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি দেখাতেও একই বিধান ব্যবহার করেছিলেন হত্যাকারী ইয়িগাল আমির। ফলে চিঠিটিকে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে এমন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনও কিছু করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে যে আলোচনা চলছে, সেটিও উড়িয়ে দেয়া যায় না বলে মনে করেন এ আইনপ্রণেতা।
লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে,
নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। কারণ নির্বাচনে পরাজয়ের অর্থ তার রাজনৈতিক সুরক্ষাকবচ হারানো এবং কারাগারে যাওয়ার ঝুঁকির মুখে পড়া।
চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ মনে করেন, নিজের ক্ষমতা ধরে রাখতেই লড়াই করছেন নেতানিয়াহু। এ জন্য তার সহযোগীরা বিপদে পড়লেও তিনি তা বিবেচনায় নিচ্ছেন না।
তার মতে, নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে। একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টায় শিন বেত প্রধান ডেভিড জিনি জড়িত থাকলে তার পদ এবং গোয়েন্দা সংস্থাটির স্বাধীনতাও ঝুঁকির মুখে পড়তে পারে।
সব মিলিয়ে ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, দুর্নীতির মামলার বিচার এবং রাজনৈতিক সহিংসতার আশঙ্কা—তিন দিক থেকেই চাপে রয়েছেন নেতানিয়াহু। বিরোধীরা সরকার গঠন করতে পারলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেশটির রাজনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন।
সবার দেশ/কেএম




























