সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তার ছেলে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
এর আগে বুধবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, রাজধানীর মিরপুরে নূরজাহান বেগমের লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের লা উদ্ধারের পর ঘটনাটি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকেও প্রতিক্রিয়া দেখা যায়।
সবার দেশ/কেএম




























