রাজবাড়ীতে অভিযানে ধরা ৮ মোটরসাইকেল চালক
বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে এসে জরিমানা
রাজবাড়ীতে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া তেল নিতে আসায় আট মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম চালানো হয়। বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।
অভিযান চলাকালে তেল নিতে আসা বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় আট মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে আটজন চালকের কাছ থেকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোনও মোটরসাইকেল চালককে তেল না দেয়ার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রশাসনের এ উদ্যোগকে সড়কে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।
সবার দেশ/কেএম




























