হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি অভিযোগ করেছে, যুবদলের নেতৃত্বে সংঘটিত এ ‘মব সন্ত্রাস’ শুধু ন্যক্কারজনকই নয়, এটি গণতান্ত্রিক মূল্যবোধেরও সুস্পষ্ট লঙ্ঘন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দফতর) আসাদুর রহমান বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সে মতপার্থক্য কখনোই সহিংসতা, ভয়ভীতি বা সংঘবদ্ধ হামলার মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মনজুর আলম অতীতে ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত নির্বাচনেও তিনি বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। অথচ তখন এ নিয়ে কোনও আপত্তি বা প্রতিবাদ দেখা যায়নি। কিন্তু এখন একই ব্যক্তিকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হামলা চালানো রাজনৈতিক দ্বিচারিতা এবং অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে সংগঠনটি।
জাতীয় যুবশক্তি আরও বলেছে, গণতান্ত্রিক সমাজে বিরোধিতা থাকবে, মতবিরোধও থাকবে, তবে তা প্রকাশের পথ হতে হবে শান্তিপূর্ণ ও শালীন। একজন সংসদ সদস্যের ওপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, এটি গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।
ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংগঠনটি সকল রাজনৈতিক দলের প্রতি সহনশীলতা বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।
সবার দেশ/কেএম




























