শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেফতার করতে হবে: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় জুলাই পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের চুপ্পুর পদত্যাগের প্রসঙ্গ তুলে তাকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু দেশে কোনও পরিবর্তন হয়নি। মাদক কারবার বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, দলীয়করণ বন্ধ হয়নি, জমি দখলও বন্ধ হয়নি।
তিনি বলেন, আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ, আদালত—সব যদি দলীয়করণ হয়ে যায়, তাহলে মানুষ কোথাও ন্যায়বিচার পাবে না। এ সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন ও সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।
সংসদে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের মাত্র আটজন সংসদ সদস্য রয়েছে। কিন্তু এ আটজন জনগণের পক্ষে একশো জনের ভূমিকা পালন করছে। এনসিপি প্রধান বিরোধী দল হলে জনগণের স্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখতে পারতো। আগামীতে জনগণ আমাদের সমর্থন দিলে আমরা চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেবো।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে নাহিদ ইসলাম বলেন, এতোদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। পাঁচ মাসেও আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করবে?
তিনি আরও বলেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে হবে। বিএনপি যোগ্য ও জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি করতে চায় না।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিলো, আর পেছন থেকে সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছে। কিন্তু কিছুদিন আগে জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, এ ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্টরা যদি তাণ্ডব চালায়, তাহলে এর দায় পুলিশ প্রশাসন ও সরকারকে নিতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সবার দেশ/কেএম




























