Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ‘ক্লোজড চ্যাপ্টার’। বাংলাদেশে তাদের পতন হয়েছে, আর ভারতে গিয়ে দাফন হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীতে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সারজিস আলম বলেন, বিএনপিকে অন্যদের তুলনায় আলাদাভাবে বিবেচনা করা হলেও তাদের কোনও অন্যায়কে ছাড় দেয়ার প্রশ্ন নেই। বিএনপির সব অন্যায়ের প্রতিবাদ করা হবে।

তিনি বলেন, বিএনপিকে এসব ঘটনার লাগাম টেনে ধরতে হবে। ভোটের নেগোসিয়েশনের স্বার্থে বিএনপি যদি খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার চিন্তা করে, তাহলে তা তাদের জন্যই হিতে বিপরীত হবে। এ ধরনের কোনও সংকট তৈরি হলে তার প্রভাব সব রাজনৈতিক দলের ওপরই পড়বে।

সারজিস বলেন, বিএনপি বর্তমানে ক্ষমতায় থাকায় কোনও সংকট তৈরি হলে তার অগ্রভাগ তাদেরই মোকাবিলা করতে হবে। একই সঙ্গে বিএনপি ও বিচার বিভাগ যদি এসব বিষয়ে শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে।

তিনি আরও বলেন, গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নিয়ে জাতীয় সংকট চলছে। এ সংকট মোকাবিলায় বিএনপিকে সহযোগিতা করতে চায় এনসিপি। তবে উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কেনার মাধ্যমে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সারজিস আলম বলেন, কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইনগতভাবে তা প্রতিহত করা হবে। কিন্তু সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ার কারণে নিজেরাই অরাজকতা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নিজেরা অরাজকতা তৈরি করে এর দায় বিরোধী দলের ওপর চাপিয়ে তাদের দমন করার যে রাজনীতি, তা বাংলাদেশে আর চলবে না। জনগণের দুর্বিষহ পরিস্থিতিকে পুঁজি করে লুটপাটের রাজনীতি করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। কর্মশালা-সংক্রান্ত বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। এ ছাড়া যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সভা শেষে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার মাধ্যমে পটুয়াখালী জেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ