Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ

সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সোশ্যাল মিডিয়ায় এখন ‘আশির দশকে ফিরে যাওয়ার’ একটি ট্রেন্ড চলছে। বর্তমান সরকারকেও দেখে মনে হচ্ছে, তারাও যেন আশির দশকে ফিরে যেতে চাইছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আয়োজনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 

সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছে, সবাই যেন আশির দশকে ফিরে যেতে চাচ্ছে। এ সরকারকে দেখেও মনে হচ্ছে—তারাও যেন আশির দশকে ফিরে যেতে চাইছে। আশির দশকে তো এমন গ্যাস-বিদ্যুৎ ছিলো না। মনে হচ্ছে, সরকারও সোশ্যাল মিডিয়ার এ ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।

সরকারকে ট্রেন্ডের সঙ্গে থাকলেও সেটি ইতিবাচকভাবে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যদি সময়ের সঙ্গে কোনও ট্রেন্ডে থাকতে চায়, তাহলে সেটি যেনো দেশের জন্য ইতিবাচক হয়।

নাহিদ ইসলাম বলেন, পুরো পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে—এটাই সবার প্রত্যাশা। বিশেষ করে একটি বড় গণঅভ্যুত্থান, বিপুল রক্তদান ও আত্মত্যাগের পর এ প্রত্যাশা আরও বেশি। সে আত্মত্যাগ ও রক্তদানের অন্যতম প্রধান কেন্দ্র ছিলো দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে ঘিরে সরকারের বিশেষ নীতি ও পরিকল্পনা থাকা উচিত।

দেশের বিভিন্ন জেলায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সম্প্রতি সংসদে একজন সংসদ সদস্য তার জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তার দেখাদেখি আরও ১০ জন সংসদ সদস্য ১০টি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন।

পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী জানান, প্রথম সংসদ সদস্য যে জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছেন, সেখানে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় অনুমোদন করা হয়েছে; শুধু উপাচার্য নিয়োগ বাকি রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বিগত শাসনামলেও প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি প্রবণতা তৈরি হয়েছিলো। কিন্তু শুধু রাজনৈতিক বিবেচনায় বা দলীয় লোকদের চাকরির সুযোগ করে দিতে বিভাগ ও বিশ্ববিদ্যালয় খোলা হলে তার সুফল পাওয়া যায় না। একটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেই সেখানে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যাবে—এমন ধারণাও বাস্তবে সঠিক প্রমাণিত হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মানসম্মত শিক্ষা, গবেষণা এবং প্রয়োজনীয় অবকাঠামোর ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সংখ্যা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এসব উদ্যোগ নিতে হবে।

গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, এই দুই বছরে যেমন অনেক হতাশা ও না পাওয়ার বেদনা রয়েছে, তেমনি অনেক আশাও রয়েছে। এ সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে গঠিত একটি নির্বাচিত সরকার পাওয়া গেছে।

নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেসব প্রতিশ্রুতি তারা কতটুকু পালন করতে পারছে বা পারছে না, তা জনগণই বিচার করবে।

আলোচনা সভায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম