Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ৮ অক্টোবর ২০২৬

উপজেলা আইনশৃঙ্খলা সভায়

এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর

এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সভাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি শুরু হয়। এতে উপজেলার ৮৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভায় শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এবং মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস বক্তব্য দেন।

প্রত্যক্ষদর্শী ও সভা সূত্রে জানা যায়, পরে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহকে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করা হলে পেছন দিক থেকে জামায়াত নেতা নুরুজ্জামান মীরও বক্তব্য দেয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতারা তাকে চিনতে না পেরে ধাক্কা দিয়ে মিলনায়তন থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে। পরে তার পরিচয় জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে আবার সভায় ডেকে এনে বক্তব্য দেয়ার সুযোগ করে দেন।

মাইক হাতে নিয়ে বক্তব্য শুরু করার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের একটি মন্তব্যের প্রতিবাদ জানান নুরুজ্জামান মীর। সভায় হাফিজুল ইসলাম বলেছিলেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এ বক্তব্যের প্রতিবাদ করতেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার ওপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্য ও সভায় উপস্থিত অন্যরা নুরুজ্জামান মীরকে উদ্ধার করেন। পরে তাকে একটি অটোরিকশায় তুলে সভাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

এদিকে, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সংসদ সদস্যের ব্যক্তিগত ক্যামেরাপারসন নাহিদ সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয়ারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।

মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলে নুরুজ্জামান মীর বলেন, প্রথমে বক্তব্য দিতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে আলোচনার মাধ্যমে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলেও কথা বলার সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আবারও তার ওপর হামলা চালিয়ে তাকে বের করে দেন।

ঘটনার বিষয়ে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ভুল-বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিলো।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান জানান, সভায় সাময়িকভাবে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক