Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ২৭ জুন ২০২৬

আবেদন থেকে পাসপোর্ট সংগ্রহ, জেনে নিন পুরো প্রক্রিয়া

ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম

ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন।

তবে এবার ভিসা আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে। বিশেষ করে আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদন কোথায় করবেন

ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন অনলাইনে করতে হবে। আবেদনকারীকে প্রথমে ভারতীয় ভিসার নির্ধারিত ওয়েবসাইটে https://indianvisabangladesh.nic.in/visa/Registration-এ আবেদনপত্র পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্র ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে।

দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী, যেদিন আবেদনকারী ভিসার কাগজপত্র জমা দেবেন, তার আগের কার্যদিবসেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারী ওয়েবফাইল আপলোড ও সাইনআপ করতে পারবেন। বিকেল ৫টা থেকে শুধুমাত্র সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু হবে।

সাইনআপের সময় আবেদনকারীর ই-মেইল ও মোবাইল নম্বরে পৃথক দুটি ওটিপি পাঠানো হবে। প্রথমে ই-মেইলের ওটিপি এবং পরে মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।

এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের পর আবারও ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল চালু হবে।

ডকুমেন্ট আপলোড সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হলে আবেদনকারীকে পুনরায় লগইন করতে হবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের একটি স্লট নির্বাচন করে দেবে। প্রয়োজনে একবার সে স্লট পরিবর্তনের সুযোগ থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে।

যে কাগজপত্র লাগবে

ট্যুরিস্ট ভিসার আবেদন করতে আবেদনকারীকে কয়েকটি বাধ্যতামূলক কাগজপত্র জমা দিতে হবে।

এর মধ্যে রয়েছে—

  • কমপক্ষে ছয় মাস মেয়াদ এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকা মূল পাসপোর্ট।
  • বর্তমান ও পুরোনো সব পাসপোর্ট।
  • পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি।
  • গত তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন পাসপোর্ট ছবি।
  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের কপি।
  • সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল।
  • চাকরিজীবীদের জন্য প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
  • কমপক্ষে ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি কিংবা পর্যাপ্ত অর্থের হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
  • রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র।
  • আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।

ভিসা ফি কত

ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনও ভিসা ফি নেয় না। তবে ভিসা প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার সময় অনলাইনেই এ অর্থ পরিশোধ করতে হবে।

পাসপোর্ট সংগ্রহ করবেন যেভাবে

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আবেদনকারী।

নতুন এ পদ্ধতির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ডিজিটাল ও সুশৃঙ্খল করার লক্ষ্য নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫৮৯
সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি
বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট
ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম
লক্ষ্মীপুরে জানাজা শেষে মা ও তিন মেয়ের লাশ নেয়া হলো কুমিল্লায়
চীনের নতুন অর্থনৈতিক করিডোর, চাপে পড়ছে ভারত?
এই মিন্নি সেই মিন্নি, রিফাত হত্যার সাত বছর
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের আকাশসীমায় ঢুকে চাকরি খোয়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ থেকে ইস্তফা দেবো: সংসদে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর