Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ১৩ জুন ২০২৬

এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পুলিশের পরিচয়ে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)সহ তিন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে নাঈম হাসান অভিযোগ করেন, শুধু সড়কেই নয়, তাকে খুলশী থানায় নিয়েও হেনস্তা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছুটিতে ঢাকায় অবস্থানরত খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম একটি সিএনজিচালিত অটোরিকশায় সোনার চোরাচালান হওয়ার তথ্য দেন এসআই শফিকুল ইসলামকে। সেই তথ্যের ভিত্তিতে লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মনিরুল ইসলাম দাবি করেছেন, তিনি একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ তথ্য পেয়েছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে নাঈম হাসান বলেন, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম ফেরার কথা থাকলেও ফ্লাইট বিলম্বিত হওয়ায় তিনি রাত ১০টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা দিলে এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশ সদস্যরা গাড়িটি থামান।

নাঈমের অভিযোগ, অটোরিকশা থামানোর পর কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালকের কাগজপত্র নিয়ে নেন। এরপর তাকে জোরপূর্বক নামিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিলেও এবং পরিচয়পত্র দেখালেও তা আমলে নেয়া হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম তাকে লাঠি দিয়ে কোমরে আঘাত করেন। এছাড়া পুলিশের সোর্স হিসেবে পরিচিত সাদা পোশাকধারী এক ব্যক্তি পাইপ দিয়ে তাকে মারধর করেন।

নাঈম জানান, ঘটনাস্থলে ১০০ থেকে ২০০ মানুষ জড়ো হয়ে তার ক্রিকেটার পরিচয় নিশ্চিত করলেও অভিযুক্তরা মারধর বন্ধ করেননি। বরং তাকে ‘আসামি’ বলে চুপ থাকতে বলা হয়। একপর্যায়ে তাকে অন্য একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে তাকে খুলশী থানায় নেয়া হলে ওসির কক্ষে হাজির করা হয়। সেখানেও তিনি হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন। নাঈম বলেন, ওসিকে ঘটনা জানাতে গেলে তাকে বারবার চোখ নিচু করে কথা বলতে বলা হয়। পরে একটি ফোনকল পাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

তিনি আরও জানান, অটোরিকশা থেকে নামানোর পর তার মোবাইল ফোন নিয়ে নেয়া হয়েছিল। থানায় গিয়ে ফোন ফিরে পেয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে বিসিবির পরিচালক ইসরাফিল খসরুও বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নাঈম বলেন, তার পরিচিতি থাকায় অনেকেই থানায় এসেছেন, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এমন সহায়তা পাওয়া কঠিন। ভবিষ্যতে যেনো আর কাউকে এ ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে দাবি জানান তিনি।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম তাকে আগে অবহিত করেননি। থানায় আনার পর নাঈমের পরিচয় নিশ্চিত হওয়া গেলে তার কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং সম্মানের সঙ্গে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে নাঈম জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত থানা ছাড়তে রাজি হননি। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

ওসি আরও জানান, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে অংশ নেয়া আরেক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, অটোরিকশাটির বিরুদ্ধে চোরাচালানের তথ্য ছিলো। তবে সে তথ্য কতটা নির্ভরযোগ্য ছিলো এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণ করা হয়েছিলো কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, পুলিশের অভিযানের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে কিছু অসঙ্গতির ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী
নেইমার ছাড়াই শক্তিশালী ব্রাজিল, মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ
প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি
ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর
কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি, পাঁচ বাংলাদেশি গ্রেফতার
কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু
নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল বাংলাদেশি সঞ্জয়
স্পেসএক্সের আইপিওতে ইতিহাস, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন ছাড়ছেন রোগীরা
এক ঘণ্টার বিভ্রাটে অচল ফেসবুক-মেসেঞ্জার