গবেষণায় নতুন তথ্য
বয়স্ক নারীদের যৌন সক্রিয়তায় ভিটামিন ডি’র ভূমিকা
বয়স বাড়ার সঙ্গে নারীদের যৌন সক্রিয়তা কমে যাওয়ার প্রবণতা দেখা গেলেও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের সঙ্গে যৌন সক্রিয়তার ইতিবাচক সম্পর্ক রয়েছে। ইরানে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণকারী বয়স্ক নারীদের যৌন সক্রিয় থাকার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। তবে বয়স বৃদ্ধির সঙ্গে এ সম্ভাবনা কমে যায়।
গবেষণাটি ইরানের আমিরকোলা হেলথ অ্যান্ড এজিং প্রজেক্টের (এএইচএপি) তৃতীয় পর্যায়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। এতে ৬০ বছর বা তার বেশি বয়সি ৩১৩ জন বিবাহিত নারী অংশ নেন। তাদের গড় বয়স ছিলো ৭১ দশমিক ৩৩ বছর। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৮ দশমিক ৫ শতাংশ নারী যৌন সক্রিয় থাকার কথা জানিয়েছেন।
বয়স্ক নারীদের যৌন স্বাস্থ্যের সঙ্গে জৈবিক, চিকিৎসা ও মনোসামাজিক বিভিন্ন বিষয়ের সম্পর্ক অনুসন্ধান করাই ছিলো গবেষণার মূল উদ্দেশ্য। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বয়স্ক নারীদের যৌন সুস্থতা নিয়ে গবেষণার তথ্য সীমিত হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।
গবেষণায় অংশগ্রহণকারী নারীদের মানসিক ও সামাজিক অবস্থা মূল্যায়নে একাধিক মানসম্মত প্রশ্নমালা ব্যবহার করা হয়। এর মধ্যে ছিল বয়স্কদের বিষণ্নতা পরিমাপের স্কেল, উদ্বেগ পরিমাপের স্কেল এবং ডিউক সোশ্যাল সাপোর্ট ইনডেক্স। পাশাপাশি তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক অবস্থা, হরমোনের মাত্রা, প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা এবং বিভিন্ন পুষ্টি উপাদানের সাপ্লিমেন্ট গ্রহণের তথ্য সংগ্রহ করেন গবেষকরা।
এসব তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান, অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সমন্বয়ের পরও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের সঙ্গে যৌন সক্রিয়তার ইতিবাচক সম্পর্ক রয়েছে।
গবেষণার ফল অনুযায়ী, যেসব নারী ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতেন, তাদের যৌন সক্রিয় থাকার সম্ভাবনা অন্য নারীদের তুলনায় ১ দশমিক ৮৩ গুণ বেশি ছিলো।
অন্যদিকে বয়স বাড়ার সঙ্গে যৌন সক্রিয়তার সম্ভাবনা কমতে দেখা গেছে। গবেষকদের হিসাব অনুযায়ী, বয়স প্রতি এক বছর বাড়লে যৌন সক্রিয় থাকার সম্ভাবনা প্রায় ৯ শতাংশ কমে যায়। এ ক্ষেত্রে সমন্বিত অডস রেশিও ছিল শূন্য দশমিক ৯১।
তবে গবেষণায় সামাজিক সহায়তা, বিষণ্নতা ও উদ্বেগের সঙ্গে যৌন সক্রিয়তার উল্লেখযোগ্য স্বতন্ত্র পরিসংখ্যানগত সম্পর্ক পাওয়া যায়নি। একইভাবে প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ এবং শিক্ষাগত যোগ্যতার সঙ্গেও যৌন সক্রিয়তার স্বতন্ত্র সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।
গবেষকরা অবশ্য ভিটামিন ডি গ্রহণের সঙ্গে যৌন সক্রিয়তার ইতিবাচক সম্পর্ককে সরাসরি কারণ হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন। তাদের মতে, গবেষণাটি একই সময়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরিচালিত হওয়ায় ভিটামিন ডি গ্রহণের ফলে যৌন সক্রিয়তা বেড়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
এ ছাড়া অংশগ্রহণকারীদের রক্তে ভিটামিন ডির প্রকৃত মাত্রা সরাসরি পরিমাপ করা হয়নি। ফলে সাপ্লিমেন্ট গ্রহণকারীদের সামগ্রিক স্বাস্থ্যসচেতনতা কিংবা অন্য কোনো অজানা বিষয়ও গবেষণার ফলাফলে প্রভাব ফেলতে পারে।
গবেষকদের মতে, সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো এবং জীবনমান বজায় রাখার ক্ষেত্রে যৌন সুস্থতা গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে যৌন স্বাস্থ্যের পরিবর্তনে জৈবিক, মানসিক ও সামাজিক নানা বিষয় ভূমিকা রাখতে পারে। এসব বিষয়ের পারস্পরিক সম্পর্ক বোঝা গেলে বয়স্ক নারীদের যৌন স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়া সম্ভব হবে।
এ জন্য ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। বিশেষ করে অংশগ্রহণকারীদের রক্তে ভিটামিন ডির মাত্রা সরাসরি পরিমাপ এবং যৌন স্বাস্থ্য ও মনোসামাজিক বিষয়গুলো বিস্তারিতভাবে মূল্যায়নের পরামর্শ দিয়েছেন গবেষকরা। এতে ভিটামিন ডি ও যৌন সক্রিয়তার মধ্যকার সম্পর্ক কতটা স্থায়ী এবং বার্ধক্যের বিভিন্ন পর্যায়ে তা কীভাবে পরিবর্তিত হয়, সে বিষয়ে আরও নির্ভরযোগ্য ধারণা পাওয়া যাবে।
সূত্র: বায়োইঞ্জিনিয়ার
সবার দেশ/কেএম




























