সিরাজগঞ্জের বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি–এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘমল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটি অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও একজন যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























