কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মহাসড়কে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছায়।
ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, নিহতদের মধ্যে দুই পুরুষের পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে। তাদের একজন সাহাব উদ্দিন। তার বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। অপরজনের নাম সাইফুল ইসলাম। তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা।
নিহত এক নারীসহ অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটির সঙ্গে চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয়। সড়কে যানজট সৃষ্টি হওয়ায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম রিফাতুল মাজদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সবার দেশ/কেএম




























