জাতীয়তাবাদী ফোরাম মনিরামপুরের ১০১ সদস্যের কমিটি গঠন
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকাস্থ জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দকে নিয়ে ‘জাতীয়তাবাদী ফোরাম মনিরামপুর, ঢাকা’ নামে ১০১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মনিরামপুরের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদের সমন্বয়ক মো. আমিনুর রহমানকে আহ্বায়ক এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও মনিরামপুর সমিতির নির্বাচিত নির্বাহী সদস্য মো. নাজমুল হক টিটোকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে পাঁচজন উপদেষ্টাও রাখা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ঢাকায় অবস্থানরত মনিরামপুরের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ ফোরাম গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে মনিরামপুরের জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত করা সম্ভব হবে।
জাতীয়তাবাদী ফোরাম মনিরামপুর, ঢাকার আহ্বায়ক হিসেবে মো. আমিনুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. নাজমুল হক টিটোকে মনোনীত করায় ঢাকাস্থ মনিরামপুরের জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনও সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা হবে। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবার দেশ/কেএম




























