আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
সারা দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা-এর অন্তত ১০ গ্রামের একাংশের ধর্মপ্রাণ মুসলমান ঈদুল আজহার নামাজ আদায় করবেন।
দীর্ঘদিনের প্রচলিত রীতির ধারাবাহিকতায় জেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা রাখা এবং দুই ঈদ উদযাপন করে আসছেন। প্রতিবছরের মতো এবারও স্থানীয়ভাবে ঈদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে সহস্রাইল দায়রা শরীফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে মোট চারটি জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমরা, রাখালতলি ও গঙ্গানন্দপুরসহ অন্তত ১০ গ্রামের কিছু মানুষ মির্জাখিল শরীফ-এর অনুসারী হিসেবে সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করেন।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সহস্রাইল দায়রা শরীফে। নামাজ শেষে মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থাও করেছে মসজিদ কমিটি। সেখানে ইমামতি করবেন মুফতি মোহাম্মদ রাকিবুল হাসান।
স্থানীয় বাসিন্দারা জানান, এ অঞ্চলে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এ প্রথা বহু বছরের পুরোনো। সংখ্যায় কম হলেও নিজেদের ধর্মীয় বিশ্বাস ও অনুসৃত তরিকার ভিত্তিতেই তারা প্রতিবছর আলাদা দিনে ঈদ পালন করে থাকেন।
সবার দেশ/কেএম




























