ছাত্র আন্দোলন থেকে মূল রাজনীতিতে
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ সরাসরি মূলধারার রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে। আন্দোলনটির সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ বেশ কয়েকজন নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, এ বিষয়ে আজ রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা ও সমন্বয় প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। অন্যদিকে হাসিব আল ইসলাম যোগ দিচ্ছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়।
এছাড়া কেন্দ্রীয় কাঠামোয় যুক্ত হচ্ছেন দফতর সম্পাদক শাহাদাত হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন নেতা।
শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয়, জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থেকেও একদল নেতা এনসিপিতে যোগ দিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ আরও কয়েকজন প্রভাবশালী সংগঠক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলনের একটি বড় অংশের এভাবে সরাসরি রাজনৈতিক দলে যুক্ত হওয়া ‘জুলাই-আগস্ট’ পরবর্তী সময়ের নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এতে তরুণ নেতৃত্বের উত্থান যেমন স্পষ্ট হচ্ছে, তেমনি ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়ছে।
সবার দেশ/কেএম




























