ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
সাংগঠনিক শৃঙ্খলা ও মেয়াদোত্তীর্ণতার কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় দফতর থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
একই দিনে বিএনপির পৃথক বিজ্ঞপ্তিতে দলটির তিন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু। তাদের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই এ শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
এর পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মহানগর পশ্চিমের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সহদপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শ্রমিক দল থেকেও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ। কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের অনুমোদনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
এদিকে, এর আগে মঙ্গলবার অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান মামুনকে বহিষ্কার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মালয়েশিয়ায় অবস্থান করে মামুন মিরপুর এলাকায় একটি অপরাধী চক্র নিয়ন্ত্রণ করতেন। দেশে থাকা তার দুই ভাই জামিল রহমান ও মশিউর রহমানের মাধ্যমে ওই চক্র পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে। চক্রটির বিরুদ্ধে পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসে। তবে বুধবার প্রকাশিত দলীয় বিজ্ঞপ্তিগুলোতে ওই ঘটনার কোনও উল্লেখ করা হয়নি। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়গুলোই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সবার দেশ/কেএম




























