আমার দেশ ছেঁড়ার ঘটনায় নিন্দা
রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য
আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা হিসেবে আখ্যা দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটি বলেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দায়িত্বে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই দায়িত্বশীলতার পরিচয় নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা।
শনিবার রাতে দেয়া এক বিবৃতিতে জুলাই ঐক্য জানায়, ফ্যাসিবাদী সরকারের পতনের পরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের কারও কারও আচরণে পুরোনো অসহিষ্ণু মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে বলা হয়, কোনও সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ বা সম্পাদকীয় অবস্থান পছন্দ না হলে তার প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে। তথ্য ও যুক্তি দিয়ে সমালোচনা করা যেতে পারে। কিন্তু পত্রিকা ছিঁড়ে ফেলা, সাংবাদিকদের হেয় করা কিংবা সংঘবদ্ধভাবে মব তৈরির পরিবেশ সৃষ্টি করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন <<>> ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী
আমার দেশ কার্যালয়ে সাম্প্রতিক ককটেল হামলারও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, পত্রিকাটির ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের এ ধরনের আচরণের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান এবং তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। একই সঙ্গে আমার দেশ কার্যালয়ে হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সবার দেশ/কেএম




























