Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৫৫, ৬ এপ্রিল ২০২৬

আতঙ্ক, মজুত আর চাহিদার চাপে বিপর্যস্ত বাজার

উৎপাদন থাকলেও পেট্রোল-অকটেন সংকট কেনো? 

উৎপাদন থাকলেও পেট্রোল-অকটেন সংকট কেনো? 
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পেট্রোল ও অকটেন উৎপাদন চলমান থাকা সত্ত্বেও কেনো সংকট তৈরি হয়েছে—এ প্রশ্ন এখন সারা দেশের জ্বালানি বাজারে আলোচনার কেন্দ্রে। শহর থেকে গ্রাম—সবখানেই তেলের জন্য দীর্ঘ সারি, আর অধিকাংশ ক্ষেত্রেই সংকট দেখা যাচ্ছে পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে, যদিও ডিজেলের সরবরাহ তুলনামূলক স্বাভাবিক।

বাস্তবতা হলো, দেশে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের, যা প্রায় পুরোপুরি আমদানিনির্ভর। অন্যদিকে পেট্রোল ও অকটেনের একটি বড় অংশ দেশেই উৎপাদিত হয়। গ্যাসক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার ব্যারেল পেট্রোল ও অকটেন উৎপাদন হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে বছরে পেট্রোলের চাহিদা প্রায় ৪ লাখ ৬২ হাজার টন এবং অকটেনের চাহিদা ৪ লাখ ১৫ হাজার টন। ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় কনডেনসেট থেকে দুই লাখ মেট্রিক টনের বেশি পেট্রোল উৎপাদন হয়েছে, যা মোট চাহিদার প্রায় অর্ধেক। একইভাবে অকটেন উৎপাদন হয়েছে মোট চাহিদার প্রায় এক-চতুর্থাংশ।

দেশে পেট্রোল উৎপাদনে বড় ভূমিকা রাখছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। হবিগঞ্জে অবস্থিত তাদের ফ্র্যাকশনেশন প্ল্যান্ট ও ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিটে প্রতিদিন সাড়ে চার হাজার ব্যারেল কনডেনসেট প্রক্রিয়াজাত করে প্রায় ৪২০ মেট্রিক টন পেট্রোল এবং ৭৪ মেট্রিক টন অকটেন উৎপাদন করা হচ্ছে। এছাড়া কেরোসিন, ডিজেল ও অল্প পরিমাণ এলপিজিও উৎপাদিত হয়।

এসজিএফএলের তথ্যমতে, তাদের উৎপাদিত জ্বালানি দেশের মোট পেট্রোল চাহিদার ৩৩-৩৫ শতাংশ এবং অকটেনের চাহিদার ৭-৮ শতাংশ পূরণ করছে। এছাড়া দেশে চারটি বেসরকারি রিফাইনারিও কনডেনসেট প্রক্রিয়াজাত করে জ্বালানি উৎপাদন করছে। অন্যদিকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আমদানিকৃত ক্রুড অয়েল থেকে জ্বালানি উৎপাদন করে বাকি চাহিদা মেটাচ্ছে।

তাহলে সংকট কেনো?

বিশ্লেষকদের মতে, বর্তমান সংকটের মূল কারণ উৎপাদনের ঘাটতি নয়, বরং অস্বাভাবিক চাহিদা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি—বিশেষত ইরান সংশ্লিষ্ট উত্তেজনা—নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করছে।

পেট্রোল পাম্প মালিকদের ভাষ্য অনুযায়ী, যেখানে আগে প্রতিদিন ৫-৬ হাজার লিটার তেল বিক্রি হতো, সেখানে এখন তা বেড়ে ২০-৩০ হাজার লিটারে পৌঁছেছে। অনেকেই গাড়ির ট্যাংক পূর্ণ করার পাশাপাশি অতিরিক্ত তেল সংরক্ষণ করছেন, ফলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম জানান, দেশের কনডেনসেট উৎপাদন কিছুটা কমেছে। বিশেষ করে বিবিয়ানা ও অন্যান্য গ্যাসক্ষেত্রে উৎপাদন কমে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে তিনি বলেন, পেট্রোলের চাহিদা মোটামুটি মেটানো সম্ভব হলেও অকটেনের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং চাহিদা মেটাতে নিয়মিত আমদানি করা হচ্ছে। জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিবেচনায় বেশি দামে তেল আমদানি করে মজুত বাড়ানো হয়েছে, যাতে মে মাস পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। কোথাও ফুয়েল কার্ড, কোথাও জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে তেল সরবরাহ, আবার রাজধানীতে মোটরসাইকেলের জন্য কিউআর কোড চালুর উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং পেট্রোল পাম্পে তদারকি জোরদার করা হয়েছে।

সরকার প্রতিদিন প্রায় ১৬০ কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মূলত আতঙ্কজনিত ক্রয় এবং বাজারে অনিয়ন্ত্রিত চাহিদার ফল। তারা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে জনগণকে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলেও সংকটের চিত্র দীর্ঘস্থায়ী হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
লেবাননে হামলা থামাও—না হলে যুদ্ধবিরতি ভাঙবে
হাদি হত্যার দুই আসামি ফেরত পাঠাতে ভারত সম্মত
স্বাদ ঠিক রেখে ইলিশ বাড়াতে নতুন গবেষণার তাগিদ
ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, রকেট ছুড়ে জবাব হিজবুল্লাহর
রাষ্ট্রপতির ভাষণ বাদ দিয়ে বিল পাসে জোর—সংসদে নাহিদের প্রস্তাব