Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২২ আগস্ট ২০২৬

চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই

চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
ছবি: সংগৃহীত

সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘ সময় ধরে কথোপকথনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তার কথোপকথনে শুধু ক্ষোভ বা আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং সম্ভাব্য সহিংসতা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা ছিলো।

ম্যাসাচুসেটস লয়্যারস উইকলির প্রতিবেদনে আদালতের নথির বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত ড্যারেন ঝোর বয়স ২৫ বছর। তিনি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসে বিশ্লেষক হিসেবে কাজ করতেন।

আদালতের নথি অনুযায়ী, গত মে মাসে ঝোকে গ্রেফতার করা হয়। এর আগে তার চ্যাটজিপিটি কথোপকথনের তথ্য ওপেনএআই এফবিআইয়ের কাছে পাঠায়। পরে তদন্তকারীরা প্রায় দুই মাসের চ্যাট ইতিহাস পর্যালোচনা করেন।

তদন্তকারীদের অভিযোগ, ঝোর কথোপকথনে ধীরে ধীরে সহিংসতার পরিকল্পনা স্পষ্ট হয়ে ওঠে। সম্ভাব্য পরিস্থিতিতে কীভাবে পদক্ষেপ নেয়া হবে এবং পুলিশ হস্তক্ষেপ করলে কী ঘটতে পারে—এসব বিষয় নিয়েও তিনি চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা করেছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

প্রেম ভাঙার পর বাড়ে উত্তেজনা

চলতি বছরের মার্চে প্রায় ছয় মাসের সম্পর্কের অবসান হওয়ার পর সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা শুরু করেন ঝো। পুলিশকে তিনি জানান, সাবেক প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের উপস্থিতি নিয়ে তিনি ঈর্ষান্বিত ছিলেন।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করে ফুল দিয়ে সম্পর্ক পুনরায় শুরুর প্রস্তাব দেয়ার পরিকল্পনার কথা জানান ঝো। সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে তাকে গুলি করে হত্যার পাশাপাশি নিজেকেও হত্যার পরিকল্পনার কথা চ্যাটে লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে কথিত পরিকল্পনায় আরও গুরুতর সহিংসতার বিষয় যুক্ত হয়। সাবেক প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন এবং জিম্মি করে রাখার পরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেছিলেন বলে তদন্তকারীদের দাবি।

পুলিশের হস্তক্ষেপের আশঙ্কা

তদন্তকারীদের দাবি, ঝোর কথোপকথনে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে—এমন আশঙ্কার কথাও উঠে আসে। এ কারণে তদন্তকারীরা তার বক্তব্যকে নিছক রাগ বা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখেননি।

পুলিশ ওই ২১ বছর বয়সী নারীর সঙ্গেও কথা বলে। তিনি জানান, ঝোর অস্বাভাবিক, ঈর্ষাপ্রবণ ও নিয়ন্ত্রণমূলক আচরণের কারণেই তিনি সম্পর্কটি শেষ করেছিলেন। তার আচরণে ভয় পাওয়ায় সামনাসামনি সম্পর্কচ্ছেদ না করে ফোনে বিষয়টি জানান বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।

ব্লক করার পরও যোগাযোগের অভিযোগ

বিচ্ছেদের পরও ঝো ফোন, খুদে বার্তা ও সোশ্যাল মিডিয়ায় ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি ঝোর ফোন নম্বর ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেন।

তদন্তকারীদের দাবি, এরপরও বিভিন্ন অ্যাপের মাধ্যমে তৈরি নতুন নম্বর ব্যবহার করে ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখেন ঝো।

গ্রেফতারের আগে এফবিআইয়ের সতর্কবার্তা

গ্রেফতারের ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে ঝোর চ্যাটজিপিটি কথোপকথন সম্পর্কে সতর্ক করে। পরে স্থানীয় তদন্তকারীরা তার চ্যাট ইতিহাস পর্যালোচনা করেন।

একজন শেরিফের ডেপুটির ভাষ্য অনুযায়ী, কথোপকথনগুলো শুধু অস্পষ্ট রাগ, হতাশা বা আবেগের বহিঃপ্রকাশ ছিলো না। বরং সেখানে ক্রমশ হুমকি ও সহিংসতার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় বলে তদন্তকারীদের দাবি।

মে মাসে গ্রেফতারের পর ঝো পাম বিচ কাউন্টি কারাগারে দুই দিন ছিলেন। পরে এক লাখ ডলার জামিনে মুক্তি পান তিনি।

তার বিরুদ্ধে গুরুতরভাবে অনুসরণ বা হয়রানি করা, লিখিতভাবে হত্যার হুমকি দেয়া এবং মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা