Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ১১ জানুয়ারি ২০২৬

এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬-এ উজ্জ্বল বাংলাদেশ

আবারও বিশ্বেসেরা বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি সাইদুর

আবারও বিশ্বেসেরা বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি সাইদুর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান। গবেষণা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন।

সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি তথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এ মর্যাদাপূর্ণ অবস্থানে উঠে এসেছেন অধ্যাপক ড. সাইদুর রহমান। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগের বছর ২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বে সপ্তম অবস্থানে ছিলেন। ধারাবাহিকভাবে একই অবস্থান ধরে রাখা তার গবেষণার মান, প্রভাব ও স্থায়িত্বেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক বিভিন্ন মূল্যায়নেও তার গবেষণার শক্ত অবস্থান স্পষ্ট। স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন। একই বছরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের যৌথ বিশ্লেষণে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি গবেষণায়ও তিনি শীর্ষস্থানে ছিলেন।

গবেষণার পাশাপাশি শিক্ষা, উদ্ভাবন ও উদ্যোক্তাবান্ধব কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ড. সাইদুর রহমান। সানওয়ে ইউনিভার্সিটি থেকে তিনি উদ্যোক্তা ও উদ্ভাবনে উৎকর্ষতা পুরস্কার এবং শিক্ষাদানে শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বীকৃতি অর্জন করেন। এছাড়া ২০২৫ সালের ওবাদা পুরস্কারে ‘বিশিষ্ট বিজ্ঞানী’ ক্যাটাগরিতে তাকে সম্মানিত করা হয়। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে এ আন্তর্জাতিক পুরস্কারে ২০২৫ সালে বিশ্বব্যাপী মাত্র আটজন বিজ্ঞানী নির্বাচিত হন, যাদের একজন ছিলেন তিনি।

গবেষণাগত প্রভাবের দিক থেকেও তার অবস্থান অত্যন্ত শক্তিশালী। গুগল স্কলারের তথ্য অনুযায়ী, অধ্যাপক ড. সাইদুর রহমানের এইচ-ইনডেক্স ১৪৫ এবং তার গবেষণায় সাইটেশনের সংখ্যা ৮৬ হাজার ছাড়িয়েছে। তিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার সন্তান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজ নিজ গবেষণা ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১ শতাংশ গবেষকের তালিকায় অবস্থান করায় ক্ল্যারিভেট অ্যানালিটিক্স তাকে বিশ্বসেরা গবেষক হিসেবে স্বীকৃতি দেয়। তার গবেষণা কার্যক্রম মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় কর্তৃকও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। এমএক্সিন-ভিত্তিক ন্যানোম্যাটেরিয়াল গবেষণায় স্কোপাস ডেটা বিশ্লেষণে মালয়েশিয়ায় প্রথম এবং ন্যানোফ্লুইড গবেষণায় ওয়েব অব সায়েন্স অনুযায়ী বিশ্বে প্রথম অবস্থান অর্জনের নজিরও রয়েছে তার ঝুলিতে।

তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে নিজের ২৮ বছরের গবেষণা অভিজ্ঞতা তিনি নিয়মিতভাবে অনলাইন সেমিনার, সোশ্যাল মিডিয়া ও একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। একই সঙ্গে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায়ও সক্রিয় ভূমিকা রাখছেন। নিজ উদ্যোগে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি ব্যয়ে সানওয়ে ইউনিভার্সিটিতে তিনি একটি আধুনিক গবেষণাগার স্থাপন করেছেন, যেখানে জ্বালানি প্রযুক্তি, উন্নত উপাদান, এনার্জি স্টোরেজ, সৌর শক্তি এবং বিশুদ্ধ পানি উন্নয়ন নিয়ে গবেষণা চলছে।

জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা প্রদান করে।

এ আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, এ অর্জন কোনো একক ব্যক্তির নয়; বরং শিক্ষার্থী, গবেষণা দল, সহকর্মী, প্রতিষ্ঠান এবং অর্থায়নকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফল। সংশ্লিষ্টদের মতে, তার এ সাফল্য শুধু একজন বাংলাদেশি বিজ্ঞানীর ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক পরিসরে মালয়েশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার অবস্থানকেও আরও শক্তিশালী করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া
জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব
নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
বিশ্বকাপ অভিষেকে ইতালির বড় হার
নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ
দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার ডা. মিতু