Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৭, ১৭ নভেম্বর ২০২৬

হাইকোর্টের পর্যবেক্ষণ, মৃত্যুদণ্ডই সোহেল রানার উপযুক্ত শাস্তি

রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস

রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, এ নৃশংস অপরাধের জন্য সোহেল রানার মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রীর বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দেয়া হয়েছে। ফলে মামলাটির আপিল নিষ্পত্তিতে দুই আসামির ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত এসেছে।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি গ্রহণ শেষে হাইকোর্ট মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে পরদিন রায় ঘোষণার বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান।

যেভাবে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে হত্যার ঘটনা আড়াল করতে লাশ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি।

ঘটনার পর ওই বাসা থেকেই সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

নিম্ন আদালতে দুজনেরই মৃত্যুদণ্ড

মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তী সময়ে মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল হাইকোর্টে আসে। সেখানে মামলার সাক্ষ্য-প্রমাণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়।

হাইকোর্টে রাষ্ট্রপক্ষ সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য তুলে ধরে তার মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।

সবশেষে আদালত প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেন।

শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছিলো। হাইকোর্টের এ রায়ের মধ্য দিয়ে মামলাটির উচ্চ আদালতের বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে