আদালতের নির্দেশে কারাগারে
জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমান–এর ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে শাকিল আহমেদ (২৬) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাকে আটক করার পর সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার শাকিল আহমেদ ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার শাকিল তার ‘ছোট বাবু আহমেদ’ নামের ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জায়মা রহমানের ছবি জুড়ে একটি আপত্তিকর পোস্ট দেন। পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সম্রাট বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, ডিজিটাল ডিভাইস ও এআই ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে সম্পাদিত ছবি প্রকাশ করে মানহানি ও সম্মানহানির চেষ্টা করা হয়েছে।
দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্তের ফেসবুক প্রোফাইল যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, বিষয়টি জানার পর প্রশাসনের সহযোগিতায় অভিযুক্তকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে শাকিল আহমেদ বিচারিক হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত চলছে।
সবার দেশ/কেএম




























