পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি ও সরকারি বিধিবিধান না মানার অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রাজ্যের বিভিন্ন মাদ্রাসার কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে ওঠা নানা অভিযোগের পর ব্যাপক তদন্ত চালিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের উদ্যোগে পরিচালিত তদন্তে মাদ্রাসাগুলোর প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা, উপস্থিতি, অবকাঠামো এবং অর্থের উৎসসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
কলকাতাসহ পশ্চিমবঙ্গের ২২টি জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে তথ্য সংগ্রহ করা হয়। জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো বিশেষ পরিদর্শক দল সরেজমিনে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে। সেখানে নথিপত্র যাচাইয়ের পাশাপাশি প্রকৃত শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যা, নিয়মিত পাঠদান, প্রতিষ্ঠানের অবকাঠামো এবং আর্থিক ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়।
তদন্তে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেগুলোর মধ্যে ২৫২টি মাদ্রাসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অপেক্ষাকৃত কম মাত্রার অনিয়মের অভিযোগ থাকা আরও ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের জবাব ও পরবর্তী পদক্ষেপের ভিত্তিতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে যেসব মাদ্রাসা সরকারি অনুমোদন ও নির্ধারিত নিয়মনীতি মেনে পরিচালিত হচ্ছে, সেগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, অতীতে পশ্চিমবঙ্গের কয়েকটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে উগ্রপন্থা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠেছিল। এসব পুরোনো অভিযোগসহ মাদ্রাসাগুলোর সামগ্রিক কার্যক্রম নতুন করে পর্যালোচনা করা হয়েছে। উচ্চপর্যায়ের তদন্তের পরই অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৬১৪টি সরকার অনুমোদিত মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ৪২৩টি হাই মাদ্রাসা, ৮৯টি জুনিয়র হাই মাদ্রাসা এবং ১০২টি সিনিয়র মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ সাধারণ শিক্ষার বিভিন্ন বিষয়ও পড়ানো হয়।
সরকারের এ সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। একসঙ্গে ২৫২টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ এবং আরও ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় মাদ্রাসাগুলোর অনুমোদন, পরিচালনব্যবস্থা ও সরকারি নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সবার দেশ/এফও




























