স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার থাকলেও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্রে এখনও প্রভাব বজায় রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন সূত্রে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়কালে যেসব কর্মকর্তা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ তৎকালীন মন্ত্রী ও সচিবদের সরাসরি সুপারিশে নিয়োগ পেয়েছিলেন, আবার কারও রয়েছে রাজনৈতিক ঘনিষ্ঠতা বা পারিবারিক সম্পর্ক।
সূত্রগুলো বলছে, এদের বিরুদ্ধে নাম-পদবিসহ একাধিকবার অভিযোগ ও দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কার্যকর কোনও ব্যবস্থা নেয়া হয়নি। বরং তাদের অনেকেই সিনিয়র সচিবের দফতরসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক শাখায় দায়িত্ব পালন করছেন।
আরও জানা গেছে, আওয়ামী লীগ আমলে যারা প্রকাশ্যে দলীয় কর্মীর মতো আচরণ করেছেন এবং মন্ত্রণালয়ের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, তাদের অনেকে এখনও প্রভাবশালী অবস্থানে রয়েছেন। কেউ কেউ অবসরে গেলেও তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে সেই প্রভাব বজায় আছে। অন্যদিকে, কেউ কেউ নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের নিরপেক্ষ বা বিএনপিপন্থি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে বিদেশে বাংলাদেশ মিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত পদে নিয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সম্প্রতি সাতটি শূন্য পদের জন্য মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ৩০ কর্মকর্তার মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে দাবি সংশ্লিষ্টদের। এসব নিয়োগ প্রক্রিয়ায় দলীয় প্রভাবের অভিযোগ আরও জোরালো হয়েছে।
মন্ত্রণালয়ের দলমত নিরপেক্ষ পেশাদার কর্মকর্তারা বলছেন, স্পর্শকাতর শাখায় রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তিদের উপস্থিতি প্রশাসনিক নিরপেক্ষতা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের দাবি, এসব অভিযোগ যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।
সবার দেশ/কেএম




























