বিশ্বসেরা একাদশের লড়াই
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ফিফপ্রোর ২০২৬ সালের বিশ্বসেরা একাদশ নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেইন ও লামিনে ইয়ামালের মতো বিশ্বফুটবলের তারকারা। চূড়ান্ত একাদশে জায়গা পেতে এবার লড়বেন ২৬ ফুটবলার।
পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো বুধবার এ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, বিশ্বের ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলার ভোট দিয়ে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নির্বাচন করেছেন।
ফিফপ্রোর এ পুরস্কারের বিশেষত্ব হলো, এখানে কোনও জুরি বোর্ড বা সাংবাদিকের ভোটের সুযোগ নেই। পেশাদার ফুটবলাররা সতীর্থদের পারফরম্যান্স বিবেচনা করে ভোট দেন। সে ভোটে সর্বোচ্চ সমর্থন পাওয়া ২৬ জনকে রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়।
মনোনয়নের জন্য খেলোয়াড়দের ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রত্যেক খেলোয়াড়কে অন্তত ৩০টি আনুষ্ঠানিক ম্যাচ খেলতে হয়েছে।
আগামী ৯ নভেম্বর ফিফপ্রোর ডিজিটাল প্ল্যাটফর্মে চূড়ান্ত বিশ্বসেরা একাদশ ঘোষণা করা হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, একাদশে থাকবেন একজন গোলরক্ষক, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও তিনজন ফরোয়ার্ড। পাশাপাশি নির্দিষ্ট পজিশনে সর্বোচ্চ ভোট পাওয়া খেলোয়াড়দের বাইরে বাকি পজিশনগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া আরও একজনকে একাদশে অন্তর্ভুক্ত করা হবে।
সংক্ষিপ্ত তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন থিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেজ ও দাভিদ রায়া।
ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়া, ভার্জিল ফন ডাইক, গাব্রিয়েল, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানো।
মিডফিল্ডার হিসেবে লড়াইয়ে রয়েছেন জুড বেলিংহ্যাম, ব্রুনো ফার্নান্দেস, এনজো ফার্নান্দেজ, পেদ্রি, ডেকলান রাইস, রদ্রি ও ভিতিনিয়া।
অন্যদিকে ফরোয়ার্ডদের তালিকায় মেসি, রোনালদো, এমবাপ্পে, হালান্ড ও কেইনের পাশাপাশি রয়েছেন খভিচা কাভারাসখেলিয়া, মাইকেল অলিসে ও লামিনে ইয়ামাল।
বিশ্ব ফুটবলের অভিজ্ঞ তারকা থেকে শুরু করে নতুন প্রজন্মের আলোচিত খেলোয়াড়—সবাই রয়েছেন এবারের সংক্ষিপ্ত তালিকায়। এখন দেখার বিষয়, সতীর্থদের ভোটে শেষ পর্যন্ত কারা জায়গা করে নেন বিশ্বসেরা একাদশে।
সবার দেশ/কেএম




























