Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ২০ জানুয়ারি ২০২৬

গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ইতিহাসের দলিল

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নির্মিত স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গণভবনে স্থাপিত এ জাদুঘর ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা জাদুঘরে সংরক্ষিত জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের ধারাবাহিকতা এবং ফ্যাসিস্ট হাসিনার টানা ১৬ বছরের শাসনামলে সংঘটিত দমন-পীড়নের চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রায় ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রও দেখেন, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত নিপীড়ন, বিরোধী মতের ওপর সহিংসতা এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

জাদুঘর পরিদর্শনের পর প্রতিক্রিয়ায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এ জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে, যা গোটা বিশ্বের জন্য একটি নজিরবিহীন দৃষ্টান্ত। তিনি বলেন, আমরা চাই না ভবিষ্যতে আর কোথাও এমন কোনো জাদুঘর নির্মাণের প্রয়োজন হোক। তবে যদি কোনো সময় জাতি দিশাহারা হয়ে পড়ে, তাহলে এ জাদুঘর থেকেই তারা পথের দিশা পাবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের উচিত এখানে এসে অন্তত একটি দিন কাটানো। বিশেষ করে শিক্ষার্থীদের দলবদ্ধভাবে এ জাদুঘর পরিদর্শন করা দরকার। এখানে একদিন কাটালেই মানুষ উপলব্ধি করতে পারবে, কী ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে এ জাতিকে যেতে হয়েছে।

জাদুঘরের আয়নাঘর অংশের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে তৈরি করা আয়নাঘরগুলোতে কেউ চাইলে কিছু সময়, কয়েক ঘণ্টা বা পুরো একটি দিন কাটাতে পারবেন। সেখানে বসে পরিদর্শনকারীরা উপলব্ধি করতে পারবেন, বন্দিরা কী ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছেন। এ ধরনের নৃশংসতা যাতে আর কখনও ফিরে না আসে, সে বিষয়ে জাতি হিসেবে আমাদের সবাইকে একমত হতে হবে।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

এ সময় গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, গুম থেকে ফিরে আসা ভুক্তভোগী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে জাদুঘরের কিউরেটর তানজীম ওয়াহাব, মেরিনা তাবাসসুম খানসহ সংশ্লিষ্ট গবেষক ও কর্মকর্তারা প্রধান উপদেষ্টাসহ অতিথিদের পুরো জাদুঘর ঘুরিয়ে দেখান।

জুলাই স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানের স্থিরচিত্র, শহীদদের ব্যবহৃত পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সে সময়কার পত্রিকার কাটিং, অডিও-ভিডিও ফুটেজসহ নানা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার দেশত্যাগের দৃশ্যও জাদুঘরের একটি অংশে তুলে ধরা হয়েছে।

জাদুঘর নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অল্প সময়ের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সত্যিই প্রশংসনীয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সীমিত সময়ের মধ্যে জাদুঘরের কাজ এ পর্যায়ে আসা একটি রেকর্ড। অনেক তরুণ-তরুণী টানা আট মাস বিনা পারিশ্রমিকে এখানে কাজ করেছেন। তাদের শ্রম ও নিষ্ঠার কারণেই এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি