ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছাবে। এ জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে সরাসরি দেশে আনা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
বিপিসি জানিয়েছে, পাইপলাইনের মাধ্যমে আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে এবং দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা সম্ভব হবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ডিজেলের সরবরাহও নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা যাবে।
এর আগে গত রোববার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে আগামী চার মাসে বাংলাদেশে ৫০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ডিজেল সরবরাহের প্রস্তাব পেশ করেন। এর অংশ হিসেবে আজ প্রথম ৫ হাজার টনের চালান দেশে পৌঁছাচ্ছে।
সবার দেশ/কেএম




























